২০ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষীদের সরানো হয়েছে। তার বদলে তিন জন নতুন অপরিচিত নিরাপত্তাকর্মীকে নিয়োগ করা হয়েছে। বুধবার রাতে এমনটাই দাবি করলেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ ডেরেক ও’ব্রায়েন। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে নবান্নের তরফ থেকে কিছু জানানো হয়েনি।
ডেরেকের দাবি, দীর্ঘ ২০ বছর ধরে মমতার নিরাপত্তার দায়িত্বে যাঁরা ছিলেন, তাঁদের বুধবার সরিয়ে দেওয়া হয়েছে। সন্ধ্যা নাগাদ হঠাৎ করেই তিন জন অপরিচিত নিরাপত্তাকর্মীকে মমতার বাড়িতে পাঠানো হয়। এই মর্মে প্রথমে ডেরেক এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন। তার পর ফেসবুক লাইভ গোটা বিষয়টি তুলে ধরেন। তাঁর আরও দাবি, প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পর্যাপ্ত নিরাপত্তার অভাব রয়েছে।
আরও পড়ুন:
ডেরেকের প্রশ্ন, “আচমকা কেন এই বদল করা হল? ভবানীপুরের নির্বাচন ফলাফল সংক্রান্ত মামলা করেছেন বলে? বুধবার হকার উচ্ছেদের বিরুদ্ধে মিছিল করেছেন বলে? কী চলছে এখানে?”
রাতে তৃণমূলের ফেসবুক পাতা থেকে একটি লাইভ করা হয়। সেখানে দলের কর্মীদের প্রশ্ন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর এত বছরের পুরনো নিরাপত্তারক্ষীদের তাঁদের দায়িত্ব থেকে বিনা নোটিসে সরিয়ে দেওয়া হল কেন? তাঁদের বার্তা, “এ ভাবে ভয় দেখানো যায় না। এ ভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে নিরাপত্তারক্ষীদের সরিয়ে নেওয়া যায় না। প্রয়োজন পড়লে আমরা রোজ দিন-রাত এ ভাবেই তৃণমূল নেত্রীর বাড়ির সামনে নিরাপত্তা সুনিশ্চিত করব।”