চেন্নাইয়ে ‘প্রাসাদ’, গ্যারাজে বিলাসবহুল গাড়ির ছড়াছড়ি! কত সম্পত্তির মালিক মুখ্যমন্ত্রী বিজয়ের চর্চিত প্রেমিকা?
সাম্প্রতিক বছরগুলিতে একাধিক সফল ছবিতে অভিনয়ের পর তৃষার পারিশ্রমিক বৃদ্ধি পেয়েছে বলে জানা গিয়েছে। এ-ও শোনা যায়, বিজয়ের বিপরীতে ‘লিও’ ছবিতে অভিনয়ের জন্য ৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন তিনি।
টানা পাঁচ দিনের জল্পনা, উত্তেজনা এবং নাটকীয় পটপরিবর্তনের পর অবশেষে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন বিজয়। তাঁর দল তমিলগা বেট্ট্রি কজ়গম (টিভিকে) এ বার তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেয়েছে। তবে একক সরকার গঠনের জন্য প্রয়োজনীয় জাদুসংখ্যা ছুঁতে পারেনি। তাই সর্বাধিক আসন পেলেও তাঁর সরকার গঠনে বাধা ছিল। পাঁচ দিনে চার বার রাজ্যপালের সঙ্গে বৈঠক করেছেন বিজয়। অবশেষে শনিবার পেয়েছেন কাঙ্ক্ষিত সাফল্য।
২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন। কিন্তু বিজয়ের দল ১০৮টি আসনে জিতেছে। তার মধ্যে বিজয় নিজে দু’টি আসন থেকে লড়েছিলেন। ফলে তাঁকে একটি আসন এমনিই ছেড়ে দিতে হবে। তাই আরও অন্তত ১১ জন জয়ী প্রার্থীর সমর্থন দরকার ছিল বিজয়ের। বিজয়কে সমর্থন করতে রাজি হয় কংগ্রেস। তামিলনাড়ুতে পাঁচটি আসনে তারা জিতেছে। পাঁচ কংগ্রেসি বিধায়কের সমর্থনে টিভিকে-র বিধায়ক সংখ্যা পৌঁছোয় ১১৩-তে। সরকার গঠনের জন্য বিজয়ের দলের দরকার ছিল আরও ছ’জন বিধায়কের সমর্থন।
পরে বিজয়ের দলকে সমর্থন করতে রাজি হয় বাম দলগুলি। সিপিআই এবং সিপিএম তামিলনাড়ুতে দু’টি করে আসন পেয়েছে। মোট চারটি আসন নিয়ে তারা টিভিকে-কে সমর্থনে এগিয়ে আসে। বিজয়ের সমর্থনকারী বিধায়কসংখ্যা এ বার পৌঁছোয় ১১৭-তে।
শনিবার ভিসিকে এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল) বিজয়ের দিকে সমর্থনের হাত বাড়িয়ে দেয়। অবশেষে সরকার গঠনের জাদুসংখ্যা ছুঁতে পারেন বিজয়। এই দুই দলের সম্মিলিত বিধায়ক সংখ্যাও চার। ফলে টিভিকে-র সমর্থনে চলে আসেন ১২০ জন বিধায়ক। বিজয়ের সরকার গঠনে আর কোনও বাধা থাকে না। এর পরেই রবিবার সকালে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন তলপতি। তবে বিজয়ের সরকার গঠনের খবর পাকা হতেই আলোচনা শুরু হয়েছে তাঁর চর্চিত প্রেমিকা তথা অভিনেত্রী তৃষা কৃষ্ণনকে নিয়ে। তাঁকে নিয়ে হইচই পড়েছে সমাজমাধ্যমে।
এই আবহেই আরও একটি বিষয় নিয়ে জানতে আগ্রহী হয়ে উঠেছেন তলপতির অনুরাগীরা। আর তা হল বিজয়ের চর্চিত প্রেমিকা তথা অভিনেত্রী তৃষা কত সম্পত্তির অধিকারী?
আরও পড়ুন:
বছরের পর বছর ধরে তামিল এবং তেলুগু চলচ্চিত্রশিল্পে কাজ করে নিজের জন্য একটি শক্তিশালী পরিচিতি এবং জায়গা তৈরি করেছেন তৃষা। একাধিক হিট ছবি তিনি উপহার দিয়েছেন দর্শককে।
সফল কর্মজীবনের জন্য পরিচিত তৃষা দক্ষিণ ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যেও অন্যতম। চলচ্চিত্রে তাঁর কাজের পাশাপাশি, তৃষার জীবনযাত্রা এবং আয় প্রায়শই মনোযোগ আকর্ষণ করে দর্শকের।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিনয়, ব্র্যান্ড চুক্তি এবং অন্যান্য কাজের মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করেছেন তৃষা। তৈরি করে ফেলেছেন বিলাসবহুল জীবনের ভিত।
গত বছরের একটি প্রতিবেদন অনুযায়ী, তৃষার মোট সম্পদের পরিমাণ প্রায় ৮৫ কোটি টাকা। তাঁর আয়ের একটি বড় অংশ আসে দক্ষিণ ভারতীয় ছবিতে অভিনয়ের সুবাদে। ছবিপিছু নাকি প্রায় ৩ কোটি টাকা করে পারিশ্রমিক নেন তিনি।
আরও পড়ুন:
সাম্প্রতিক বছরগুলিতে একাধিক সফল ছবিতে অভিনয়ের পর তৃষার পারিশ্রমিক বৃদ্ধি পেয়েছে বলে জানা গিয়েছে। এ-ও শোনা যায়, বিজয়ের বিপরীতে ‘লিও’ ছবিতে অভিনয়ের জন্য ৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন তিনি।
চলচ্চিত্র ছাড়াও ব্র্যান্ড এনডোর্সমেন্ট এবং পণ্য প্রচারের মাধ্যমেও আয় করেন তৃষা। প্রতিবেদন অনুযায়ী, এই ধরনের চুক্তির জন্য তিনি প্রায় ৯ কোটি টাকা করে পারিশ্রমিক নেন।
চেন্নাইয়ের অভিজাত জায়গায় বাড়ি এবং বিলাসবহুল গাড়ির সংগ্রহও রয়েছে তৃষার। শোনা যায়, তৃষার চেন্নাইয়ের বাড়ির মূল্য প্রায় ১০-১২ কোটি টাকা। হায়দরাবাদেও সম্পত্তি রয়েছে তাঁর, যার মূল্য প্রায় ৬-৭ কোটি টাকা।
বিলাসবহুল গাড়ির একটি সংগ্রহও রয়েছে তৃষার। এর মধ্যে রয়েছে মার্সিডিজ়-বেঞ্জ এস-ক্লাস, বিএমডব্লিউ ৫-সিরিজ়, রেঞ্জ রোভার ইভোক এবং মার্সিডিজ়-বেঞ্জ ই-ক্লাস। তার গাড়ির সংগ্রহের মোট মূল্য আনুমানিক ৩-৪ কোটি টাকা বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।
১৯৯৯ সালে ‘জোড়ি’ ছবির মাধ্যমে চলচ্চিত্র দুনিয়ায় পা রাখেন তৃষা। তবে ওই ছবিতে খুব একটা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেননি তিনি। পরে ২০০৪ সালে প্রভাসের বিপরীতে ‘বর্ষম’ ছবিতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তৃষা।
সময়ের সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি সফল ছবি তৃষার ঝুলিতে আসে। এর মধ্যে ‘গিল্লি’, ‘সামী’, ‘আরু’, ‘অয়থা এঝুথু’, ‘আদাভারি মাতালাকু অর্ধালু ভেরুলে’, ‘কোডি’, ‘অভিয়ুম নানুম’, ‘ভিন্নাইথান্দি ভারুভায়া’ এবং ‘পোনিয়িন সেলভন’-এর মতো ছবি উল্লেখযোগ্য।
বিজয়ের সঙ্গে তৃষার অন-স্ক্রিন জুটি ভক্তদের মধ্যে জনপ্রিয়। দু’জনে কয়েক বছর ধরে একসঙ্গে অনেক কাজ করেছেন, যার মধ্যে রয়েছে ‘ঘিলি’, ‘থিরুপাচি’, ‘আথি’, ‘কুরুভি’, ‘লিও’ এবং ‘দ্য গ্রেটেস্ট অফ অল টাইম’। এর মধ্যে ‘দ্য গ্রেটেস্ট অফ অল টাইম’ ছবিতে একটি গানের দৃশ্যে অভিনয় করতে দেখা গিয়েছিল তৃষাকে।